সখীপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্ব পাড়া এলাকার কৃষক আনোয়ার বাদশার গোয়াল ঘরে আগুন লেগে দু’টি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর আগেই গরু ও ছাগলগুলো মারা যায়।

পরিবার সূত্রে জানা যায়, আনোয়ার বাদশা গরু ও ছাগলগুলোকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে প্রতিদিনের মতো গোয়াল ঘরের পাশে লাকড়ির মধ্যে আগুন দেন। ধারণা করা হচ্ছে এ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আনোয়ার বাদশা বলেন,  আগুন লেগে দুটি গরু ও পাঁচটি ছাগলসহ টিনের গোয়ালঘরটিও পুড়ে গেছে। এতে অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেন, কৃষি জমি চাষাবাদ করে ৬ সদস্যের পরিবার নিয়ে অভাবের সংসার আমার। গরু ও ছাগলগুলো মারা যাওয়ায় আমি একদম নিঃস্ব হয়ে গেলাম। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও এনজিওতে দেড় লক্ষ টাকা ঋণ রয়েছে বলেও জানান। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক আনোয়ার বাদশার গরুগুলো পুড়ে মারা যাওয়ায় বড় ক্ষতি হয়ে গেল। এ অবস্থায় তার সহযোগিতা প্রয়োজন।