কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনার্স (সম্মান) পরীক্ষা কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নাগেশ্বরী সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের কলেজ গেটের সামনে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। এতে অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী কোহিনুর আক্তার গত ১৭ অক্টোবর কুড়িগ্রামে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রতি বছর এভাবে পরীক্ষা দিতে গিয়ে পথে প্রাণ হারান অনেকেই।
এছাড়াও কলেজ গেটের সামনের রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা এড়াতে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিও জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক লুৎফর রহমান, আজিজুল ইসলাম রানা, মমতাজ পারভিন, নাজমুল ইসলাম, শিক্ষার্থী রেদওয়ান আলী রেজা, আবদুর রহিমসহ অনেকে।