চট্টগ্রামের তরুণদের মধ্যে খেলাধুলায় আগ্রহ বাড়াতে এবং প্রশিক্ষিত করে গড়ে তুলতে হাটহাজারীতে স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলছে কন্টিনেন্টাল গ্রুপ। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে গড়ে তুলতে যাওয়া প্রতিষ্ঠানটি আজ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করবে। দেশের শিপিং সেক্টরে পরিচিত নাম কন্টিনেন্টাল গ্রুপের স্পোর্টস টিমও রয়েছে। কিন্তু চট্টগ্রামের তরুণরা জায়গার অভাবে সঠিক প্রশিক্ষণ নিতে পারে না। নেই ভালো মানের কোনো প্রশিক্ষণ অ্যাকাডেমিও। চট্টগ্রামের সন্তানরা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে প্রশিক্ষণ নিয়ে থাকে। আর সেই ভাবনা থেকেই স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগের কথা জানান গ্রুপের ব্যবস্থাপন পরিচালক আহসান ইকবাল চৌধুরী, ‘হাটহাজারী কৃষিফার্ম রোডে মধ্যেরখিল এলাকার ৬৬ একর জায়গায় গড়ে তোলা হচ্ছে এই কমপ্লেক্স। এখানে ১২ একর জায়গায় হবে একটি ফুটবল খেলার মাঠ, তিন থেকে পাঁচটি ক্রিকেট মাঠ (পিচসহ)। এছাড়া ছয়টি ইনডোর মাঠ।’ তিনি জানান, ‘ফুটবল ও ক্রিকেট খেলায় যাতে আগামী প্রজন্মের ভালো খেলোয়াড় গড়ে উঠতে পারে সেজন্য আমাদের এই উদ্যোগ।’
আগামী বছরের মধ্যেই খেলার উপযোগী মাঠ গড়ে তোলার আশাবাদ জানিয়ে আহসান ইকবাল চৌধুরী বলেন, অবকাঠামো ও প্রযুক্তিগত সমস্যার কারণে চট্টগ্রামের স্থানীয় কোচরা খেলোয়াড়দের দক্ষ করে গড়ে তুলতে পারছেন না। কন্টিনেন্টালের এই কমপ্লেক্সে থাকা ও খাওয়ার ব্যবস্থাও থাকবে।