ক্যারিবিয়ানদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ পূর্বনির্ধারিত ছিল পাকিস্তানের। যা আগামী বছরের জানুয়ারিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি বাতিল করেছে। এ ক্ষেত্রে অবশ্য কপাল খুলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এই লিগের সময় একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ থাকায় বিদেশী ক্রিকেটার সংকট শঙ্কা উঁকি দিচ্ছিল। সিরিজ বাতিল করায় ১৫ জানুয়ারি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই বেশ কয়েকজন ক্রিকেটারের বিপিএলে খেলার সম্ভাবনা দেখা দিয়েছে।
আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের নবম আসর। পাকিস্তানি ক্রিকেটারদের আগমনে বিপিএল আয়োজক কমিটিও টুর্নামেন্টের প্রসার বাড়ানোর উপলক্ষ্য পাওয়ার প্রত্যাশায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০ কিংবা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে পাকিস্তানি ‘ক্রিকেটারদের চাহিদা নেই’ বলে ধারণা করছেন তারা। বিদেশি লিগে ‘কদরহীন’ এসব ক্রিকেটারদের তাই চাহিদা বাড়ছে বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে। পাকিস্তানের সেসব ক্রিকেটারদের পাওয়ার প্রত্যাশাও বাড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজকে ঐ কর্মকর্তা বলেছেন, ‘দেখুন, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ বা আইএলটি-২০ তে পাকিস্তানি খেলোয়াড়দের চাহিদা নেই। কারণ উভয় প্রতিযোগিতার বেশিরভাগ মালিকই আইপিএল মালিক। তাতে পাকিস্তানি ক্রিকেটারদের সেখানে খেলার সম্ভবনাটা কম বলেই আমাদের ধারণা।’
তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম পাকিস্তানের পেসার হারিস রউফ। বিপিএলের সময় তার বিগ ব্যাশের মেলবোর্ন স্টারসের হয়েও খেলার কথা ছিল। তবে তিনি বিগ ব্যাশ না খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলবেন বলে সম্মতি দিয়েছেন। রংপুর রাইডার্সের নির্বাহী পরিচালক শানিয়ান তানিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, তারা পাকিস্তানের পেস বোলার হারিস রউফকে বেছে নিয়েছেন। ধারণা করা হচ্ছিল এই পেস বোলার বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে খেলবেন। কিন্তু তিনি মত পরিবর্তন করে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
তানিম বলেন, ‘রউফ বিগ ব্যাশ না খেলে বিপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাকে আমাদের ড্রেসিংরুমে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছি। এছাড়া মুহাম্মদ নওয়াজের সঙ্গেও কথা হয়েছে।’
নওয়াজ ও রউফ ছাড়া রাইডার্স এ পর্যন্ত শোয়েব মালিককে চুক্তিবদ্ধ করেছে। তারা আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই, শ্রীলংকার পাথুম নিসাংকা ও জেফরি ভ্যান্ডারসেকেও দলে ভিড়িয়েছে। যদিও দুই লংকানকে পাওয়া নিয়ে আছে সংশয়। কারণ বিপিএলের সময় তিনটি ওয়ানডে খেলার জন্য শ্রীলংকা সফর করার কথা রয়েছে ভারতের।
পিছিয়ে নেই বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। আসন্ন টুর্নামেন্টে তারাও দলে ভিড়িয়েছে পাকিস্তান ত্রয়ীদের। মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী এবং শাহীন আফ্রিদিকে দলের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে তারা। এছাড়া সিলেট স্ট্রাইকার্সও দলে নিয়েছে পেসার মোহাম্মদ আমিরকে। বোঝাই যাচ্ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও তাদের বিদেশী পছন্দের তালিকার শীর্ষে পাকিস্তানি ক্রিকেটারদেরকেই রাখছে।