সেই আমিনুলকে রিকশা উপহার দিল বিএনপি

গণপরিবহন বন্ধ থাকায় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিনা ভাড়ায় যাত্রী বহনকারী সেই রিকশাচালক আমিনুল হককে ব্যাটারিচালিত রিকশা উপহার দিল বিএনপি।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে নগরীর ব্রাহ্মপল্লীতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশাচালক আমিনুল হকের হাতে ফুলেল শুভেচ্ছা, ফল ও মিষ্টিসহ ব্যাটারিচালিত রিকশার চাবি হস্তান্তর করেন।

উপহার পেয়ে রিকশাচালক আমিনুল ইসলাম আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি প্রত্যাশা করেন।

এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও ব্যারিস্টার মীর হেলাল, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েতউল্লাহ কালাম ও মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।