খুলনায় পুলিশি অভিযানে বিএনপির ৫০ নেতাকর্মী গ্রেপ্তার

খুলনায় বিএনপির সমাবেশকে সামনে রেখে পুলিশি অভিযানে ৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এমন দাবি করেছেন দলের সঙ্গে সংশ্লিষ্টরা।

শুক্রবার (২১ অক্টোবর) দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অর্ধশত নেতাকর্মী আটক হয়েছেন। পরে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে খুলনা সদর থানায় খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান বাবু, বেল্লাল হোসেন, জসমিউদ্দিন লাবু, শফিকুল ইসলাম, মিজান ও কবির ফরাজি, সোনাডাঙ্গা থানায় নজরুল ইসলাম, ডালিম, ডা. শাহ আলম, মাহমুদ আলম বাবু মোড়ল, জুলু, কাজী সেলিম, খালিশপুর থানায় মেহেদী, সামাদ বিশ্বাস, গোলাম মোস্তফা ভূট্টো, মো. হাসান, মোল্লা কওসার, দৌলতপুর থানায় হুমায়ুন কবির, রাসেলুজ্জামান।

খানজাহান আলী থানায় জসীম ভূইয়া, মামুন ও উজ্জল।

হরিণটানা থানায় কামাল, হেলাল ও হযরত আলী।

এছাড়া বাগেরহাট থেকে আগত চারজনকে খুলনা থানা পুলিশ এবং মোড়েলগঞ্জ বিএনপি নেতা খায়রুজ্জামান শিপনের বাসা থেকে ১৩ জনকে আটক করে।

এদিকে গভীর রাতে মাগুরার শ্রীপুর উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীবাহী একটি গাড়ি সোনাডাঙ্গা থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। যেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মুন্সি, কৃষক দল আহ্বায়ক মুকুল মেম্বারসহ ১১ জনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বিভিন্ন স্থানে ওয়ারেন্টের আসামি ধরা হচ্ছে।