প্রথমবারের মতো হয়েছে মেয়েদের কারাতে প্রতিযোগিতা। সারা দেশের বিভিন্ন জেলার অনূর্ধ্ব-১৫ কিশোরীদের নিয়ে শুরু হয়েছে এই আসর। শুক্রবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন দুদক কমিশনার ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো. মোজাম্মেল হক খান এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, রূপায়ণ সিটির চিফ এক্সিকিটিভ অফিসার (সি ই ও) এম মাহবুবুর রহমান, সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলী, কারাতে সাব কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মায়া ভৌমিক, কারাতে সাব কমিটির সদস্য সচিব অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরা।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে এই আয়োজনে বেশ ভালোভাবেই থাকছে রূপায়ণ গ্রুপ। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার পৃষ্ঠপোষকতায় বেশ বড় পরিসরে হচ্ছে এই আয়োজন। এই আসরের নাম দেওয়া হয়েছে রুপায়ণ সিটি শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা নারী কারাতে প্রতিযোগিতা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী। প্রতিযোগিতায় মোট ছয়টি ইভেন্টে দেশের ১৯টি জেলার ১৫২ জন কারাতেকা অংশ নিয়েছেন। ইভেন্টগুলো হলো একক কাতা ও দলীয় কাতা এবং ৪০, ৪৭, ৫৪ ও ঊর্ধ্ব-৫৪ কেজি কুমি। প্রতিটি ক্যাটাগরিতে ১টি স্বর্ণ, ১ রৌপ্য ও ২টি তাম্র পদক থাকছে। এছাড়া দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিও থাকবে। এই আসর থেকে উঠে আসা সেরা কারাতেকাদের ২০২৪ এশিয়ান গেমসের জন্য তৈরি করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা।
রূপায়ণ সিটির সি ই ও এম মাহবুবুর রহমান বলেন, ‘নারী উন্নয়ন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন পিছিয়ে পরবে। রূপায়ণ সিটি ক্রীড়াঙ্গণে নারী অংশগ্রহনে সব সময় সহযোগিতা করবে।’
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ বলেন, ‘এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হতে পেরে আমরা গর্বিত বোধ করছি। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মহোদয়ও একজন ক্রীড়াপ্রেমী মানুষ। আমরা সবসময় এরকম ভালো উদ্যোগের পাশে থাকব।’