জামালপুর সদর উপজেলায় বাস চাপায় সুমাইয়া নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার লাহাড়িকান্দায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া লাহাড়িকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং ওই গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে লাহাড়িকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মরদেহ দেখতে লোকজন জড়ো হতে থাকে।
এদিকে সুমাইয়ার বাবা সোহেল বাড়িতে মেয়েকে না পেয়ে রাস্তায় পড়ে থাকা শিশুর লাশ দেখতে আসেন। পরে সেখানে এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল আসে।
উপপরিদর্শক তরিকুল ইসলাম সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহত সুমাইয়ার বাবা সোহেল জানান, সকালে সবার অজান্তে বাড়ি থেকে বের হয় সুমাইয়া। ঘুম থেকে উঠে তাকে না পেয়ে খোঁজ থাকি। পরে না পেয়ে রাস্তায় মেয়ের মরদেহ দেখতে যায়।
তিনি আরও বলেন, সুমাইয়াকে বাস চাপা দিয়ে পালিয়ে গেছে।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক তরিকুল ইসলাম বলেন, শিশুটিকে বাস চাপা দিয়ে চলে গেছে। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল এবং এলাকার লোকজন বসে সিদ্ধান্ত নিয়ে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।