কারানের বিধ্বংসী পেসে ১১২ রানেই শেষ আফগানরা

ব্যাটিং ইনিংসের ১৭ ওভার শেষেও হাতে আফগানদের হাতে ছিল ৫টি উইকেট। স্কোরবোর্ডে তখনও ১০৬ রান তাদের। তখনই জস বাটলার বল তুলে দেন স্যাম কারানের হাতে। এমনিতে বিপর্যয়ে ছিল আফগানিস্তান। তাতে আরও ধ্বস নামিয়ে দেন এই বোলার। তার বিধ্বংসী পেস তোপে টিকতে পারেননি বাকি ব্যাটাররা। মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় মোহাম্মদ নবির দল।

দুই বল আগেই আফগানিস্তানকে গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট শিকার করেছেন কারান। মাত্র ১০ রান খরচায় পাঁচ আফগানকে ফেরান তিনি। এছাড়া মার্ক উড ও বেন স্টোকস দুটি এবং ক্রিস ওকস একটি উইকেট শিকার করেছেন।

তাতে ইংল্যান্ডকে মাত্র ১১৩ রানে লক্ষ্য দিতে পারে আফগানিস্তান। দলটির পক্ষে ৩২ রান করেন ইব্রাহিম জাদরান। ৩২ বল খেলে তিনটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। এছাড়া উসমান গণি করেন ৩০ বলে ৩০ রান। তার ব্যাট থেকে আসে তিনটি চার।