বাবাকে বাঁচাতে গিয়ে মৌমাছির কামড়ে মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে বাবাকে বাঁচাতে গিয়ে মৌমাছির কামড়ে তানভীর হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়। নিহত তানভীর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামের আবদুল খালেকের ছেলে। এক সপ্তাহ আগে তার বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তানভীরের বাবা আবদুল খালেক বাড়ি থেকে মুদির দোকানে যাওয়ার পথে মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে আসেন বড় ছেলে তানভীর হাসান। মাটিতে লুটিয়ে পড়া বাবাকে উদ্ধারের চেষ্টা চালাতেই মৌমাছির ঝাঁক তানভীরের ওপর আক্রমণ চালায়। তিনি খালি গায়ে থাকায় মুহূর্তের মধ্যে পুরো শরীরে মৌমাছিরা কামড়াতে থাকে। একপর্যায়ে তারভীর মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন আগুনের ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে তানভীরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।