ফেনীতে বিএনপির ৩৬ নেতাকর্মী জেলহাজতে

ফেনীর সোনাগাজীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ৩৬ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে ফেনী জেলা জজ আদালত। উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন শেষে গতকাল রবিবার দুপুরে জেলা জজ ছালেহ মোহাম্মদ রুহুল ইমরানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

আদালতের পিপি অ্যাডভোকেট হাফেজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭৪ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে তারা রবিবার ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তিনজনের জামিন মঞ্জুর করে বাকি ৩৬ জনকে জেলহাজতে পাঠায়।

গত ২৯ আগস্ট বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। ৩০ আগস্ট সোনাগাজী মডেল থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে দুটি মামলা করে পুলিশ।