ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার ফলে মাদারীপুরের শিবচর উপজেলা জুড়ে বৃষ্টি হচ্ছে।
রোববার (২৩ অক্টোবর) মধ্য রাত থেকে এই বৃষ্টি শুরু হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি আরও বাড়বে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা যায়, কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে। বৃষ্টির কারণে শিবচর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের খেটে-খাওয়া মানুষ পড়েছেন ভোগান্তিতে। জীবিকার তাগিদে অনেকে বৃষ্টিতে ভিজে বাহিরে বের হয়েছেন।
শিবচর বাজারের হোটেল শ্যামলীর পরিচালক সুমন বলেন, প্রতিদিনের তুলনায় আজ কাস্টমার অনেক কম। সকাল থেকে তেমন বেচা-বিক্রি নেই।
শিবচর বাজারের শিবচর স্কায়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাজমুল হোসেন লাভলু বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে আমাদের স্টাফরা আসতে পারেনি। রোগীও নেই।
শিবচরের বন্দরখোলা এলাকার কৃষক সরাফত আলী বলেন, সকালে কাজে যেতে পারছি না। একদিন আয় বন্ধ হলে আমাদের অনেক কষ্ট হয়।আমাদের তো আর জমানো টাকা নেই।
উপজেলার বহেরাতলা এলাকার কৃষক আলী হোসেন বলেন, এবার পাঁচ বিঘা জমিতে পেঁয়াজ ও ৩ বিঘা জমিতে রসুন চাষ করেছি।এভাবে বৃষ্টি হলে ক্ষেতে পানি জমে সব নষ্ট হয়ে যাবে। এতে আমার অনেক ক্ষতি হবে।
শিবচর হাইওয়ে থানার ওসি শেখ মিসবাহ উদ্দীন বলেন, সকাল থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। মধ্যরাত থেকেই এখানে বৃষ্টি হচ্ছে। তাই লোকজনও সড়কে কম দেখা যাচ্ছে।
মাদারীপুর আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আবদুর রহিম সান্টু বলেন, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে সূর্য দেখা যায়নি। সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পরিমাণ ৪০.৪ মিলিমিটিার ও ঘণ্টায় বাতাসের গতি ৩ নটিকাল মাইল বেগে প্রবাহিত হচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫।