অ্যাথলেটিক বিলবওকে রাতে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। লা লিগার ক্লাবটিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। যেখানে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ওসমান দেম্বেলে। সবগুলো গোলেই রয়েছে তার অবদান। নিজে একটি গোল করেছেন। বাকি তিনটি তিনিই করিয়েছেন।
এই জয়ে দ্বিতীয় স্থানেই রইলো বার্সেলোনা। ১১ ম্যাচে তাদের অর্জন ২৮ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। তবে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে ৫ পয়েন্ট। ১১ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ২৩।
বিলবাওয়ের বিপক্ষে নিজের প্রিয় ফরম্যাট ৪-৩-৩ থেকে সরে এসে বার্সা কোচ জাভি হার্নান্দেজ দলকে খেলান ৪-২-৩-১ ফরমেশনে। লেওয়ানডস্কিকে একেবারে রেখে ওসমান দেম্বেলের জন্য অনেক জায়গা ছেড়ে দেন তিনি এবং স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেন।
এতেই দুর্দান্ত কাজ হলো। নিজে তো একটি গোল করলেনই, তিনটি গোলে অবদান রাখলেন দেম্বেলে। ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা আশা করেছিলাম, এই ম্যাচটি সর্বোচ্চ রিদম দিয়ে খেলবো। তারা খুব চাপ সৃষ্টি করবে, এটা জানা ছিল। এ কারণে, একজন আলাদা মিডফিল্ডার দিয়ে তাদেরকে মাঝমাঠেই আটকে রাখার চেষ্টা করলাম। আমার মতে, এটাই কাজে দিয়েছে।’
ম্যাচের ১২তম মিনিটেই গোল করে স্বাগতিক বার্সেলোনা। গোল করেন দেম্বেলে নিজে। দ্বিতীয় গোলটি আসে ১৮তম মিনিটে। দেম্বেলের অ্যাসিস্টে গোলটি করেন সার্জি রবের্তো। ৪ মিনিট পর (২২ মিনিটে) আবারও গোল। এবার গোল দিলেন রবার্ট লেওয়ানডস্কি। অর্থ্যাৎ ১০ মিনিটের ব্যবধানে ৩-০ গোলে পিছিয়ে পড়ে অ্যাটলেটিক বিলবাও।৭৩ মিনিটে গোল করেন ফেরান তোরেস। এই গোলেরও জোগানদাতা ওসমান দেম্বেলে।