মুরাদনগরে মুদিদোকানে টিসিবির পণ্য

কুমিল্লার মুরাদনগরে টিসিবির পণ্য মুদিদোকানে বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলার বাঙ্গরা বাজার থানার ৫ নম্বর পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের মহেশপুর ভান্ডারী মার্কেটের মুদিদোকানগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে টিসিবির পণ্য।

গতকাল সোমবার পূর্বধৈর পশ্চিম  ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহেশপুর গ্রামের ভান্ডারী মার্কেটের দুলাল মিয়ার দোকানে গিয়ে দেখা যায়, তিনি দোকানের তাকে থরে থরে সাজিয়ে রেখেছেন তেলের বোতল। যেগুলোর গায়ে টিসিবির স্টিকার সাঁটানো। প্রতি বোতলের মূল্য ৪০০ টাকা দরে ক্রেতার কাছে বিক্রি করছেন তিনি। ছবি তোলার বিষয়টি আঁচ করতে পেরে তিনি পণ্যগুলো সরিয়ে নেন।

দোকানদার দুলাল মিয়ার ভাষ্য, ‘আমি জানি না টিসিবির পণ্য বিক্রি করা যে অপরাধ। দুই বোতল আমার ব্যবহারের জন্য আনছি। বাকিগুলো আমার বউ, মা ও ভাইয়ের বউ আনছে। আর বাকি বোতল ও পণ্য একজন অপরিচিত লোক বাজারে বিক্রি করতে নিয়ে এলে, অনেকেই তার কাছ থেকে কিনছে। তাই মুনাফার আশায় আমিও কিনছি।’

পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রহিম পারভেজ বলেন, ‘টিসিবির পণ্য বিক্রির কার্ড পেয়েছি ৯০৬টি। ১২ জন মেম্বারের মাঝে তা বিলি করেছি জনসংখ্যা অনুপাতে। কোনো অনিয়ম আমার জানা নাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘টিসিবির পণ্য অন্যত্র বিক্রির কোনো সুযোগ নাই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’