বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙে প্লাবন, ৫ শতাধিক পরিবার পানিবন্দি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 

সোমবার (২৪ অক্টোবর) রাতে জোয়ারের পানির চাপে বাগেরহাট সদর উপজেলার ভৈরব নদের বেড়িবাঁধ ভেঙে মাঝিডাঙা, পোলঘাট ও রহিমাবাদ গ্রামে পানি ঢুকে তলিয়ে যায়। এতে ওই তিনটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম। তিনি তাদের দুর্দশার খোঁজ খবর নেন।

মাঝিডাঙা গ্রামের পানিবন্দিরা জানান, রাতে জোয়ারের পানির চাপে বেড়িবাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে পড়েছি। ফলে আমাদের রান্নায় দারুণ অসুবিধা হচ্ছে। গত পাঁচ বছর ধরে বর্ষা মৌসুম আসলেই পূর্ণিমা ও অমাবশ্যা তিথির জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছি। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই। 

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, বাগেরহাটে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ওই এলাকায় টেকসই বেড়িবাঁধ না থাকায় দুর্বল বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়। বর্ষা মৌসুম আসলেই এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বাড়ে। বেড়ি বাঁধ পরিদর্শন করেছি। ওই এলাকায় খুব শিগগিরই স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।