নরসিংদীর পলাশে স্ত্রীর সামনে অনিল পাল (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী গীতা পাল (৩২)।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অনিল পাল পারুলিয়া গ্রামের মনিন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরির পাশাপাশি অটোরিকশা চালাতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সোমবার রাত ৩টার দিকে অনিল পালের বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে তার উপর হামলা করে। এ সময় তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এতে তার স্ত্রী গীতা বাধা দিতে গেলে তাকেও আহত করে দুর্বৃত্তরা।
পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের মানুষ জড় হয়ে পুলিশে খবর দেয়। পরে আহত অবস্থায় অনিল পাল ও তার স্ত্রীকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা অনিল পালকে মৃত ঘোষণা করেন এবং গীতা পালকে প্রাথমিক চিকিৎসা দেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।