ব্যর্থতার দায় নিয়ে ক্যারিবিয় কোচের দায়িত্ব ছাড়লেন সিমন্স

দুইবার শিরোপা জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল দল ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় নেমে যেতে হয়েছে বাছাইপর্বে। এই অবধি ক্যারিবিয় সমর্থকরা হয়তো মেনে নিতেন। কিন্তু টি-টোয়েন্টির স্পেশালিস্ট হিসেবে খ্যাতনামাদের দেশ এবার উঠতে পারেনি সুপার টুয়েলভে। তারা বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। সেটা মেনে নিতে পারেনি ভক্তরা। পারেননি দলটির কোচও। তাই ব্যর্থতার দায় নিয়ে দলটির কোচের দায়িত্ব ছাড়লেন তিনি।

সোমবার কোচ সিমন্সের পদত্যাগের বিষয়টি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এক টুইট বার্তায় ক্যারিবীয় ক্রিকেট বোর্ড জানায়, বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দল থেকে বিদায় নেবেন তিনি।

পদত্যাগ নিয়ে সিমন্স বলেন, ‘আমি জানি শুধু দলই নয়, আমাদের পুরো জাতি কষ্টটা পেয়েছে। এটা হতাশাজনক এবং হৃদয়বিদারক যে আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। ঘরে বসে আমাদের এমন একটি টুর্নামেন্ট দেখা লাগছে, যেখানে আমরা ভালো খেলিনি। তাই আমি ব্যর্থতা মেনে নিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

বিশ্বকাপে তার দল কুড়ি ওভারের ফরম্যাটে টানা ব্যর্থ। বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হারলে সুপার টুয়েলভের আশা শেষ হয়।

শুধু যে বিশ্বকাপেই ব্যর্থ দলটি, এমন নয়। বিশ্বকাপের আগে খেলা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ছোট ফরম্যাটের সিরিজেও ব্যর্থ হয়েছিলেন ক্যারিবীয়রা। প্রথম সিরিজে গত আগস্ট মাসে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে এবং চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে দুই ম্যাচ সিরিজের দুটিতেই পরাজয় বরণ করে।

এর আগে সিমন্সের অধীনে ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জয় করে। এরপর ২০১৭ সালে তিনি আফগানিস্তানের কোচ হিসেবে যোগ দেন। পরে আবার ২০১৯ সালে ক্যারিবীয়ান কোচ হিসেবে ফেরত আসে। তবে এবার আর ২০১৬ সালের মত দলকে সাফল্যের মুখ দেখাতে পারেননি।