ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাককে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন দেশটির রাজা তৃতীয় চার্লস। রাজা তাকে সরকার গঠনের আহবানও জানিয়েছেন।
আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর বাকিংহাম প্যালেসে যান ঋষি সুনাক। সেখানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করেন তিনি।
ব্রিটিশ রাজা চার্লস কনজারভেটিভ এই নেতাকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার পরপরই রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের প্রস্তাব পান ঋষি। বাকিংহাম প্যালেসের ১৮৪৪ কক্ষে রাজা তৃতীয় চার্লসের সাথে ঋষি সুনাকের বৈঠক হয়।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় কর কমানোর পরিকল্পনা ঘিরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে পদত্যাগে বাধ্য হওয়া লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হলেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজতন্ত্রের মসনদে বসে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ঋষিকে নিয়োগ দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। গত ৮ সেপ্টেম্বর মারা যাওয়ার মাত্র দুদিন আগে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে ট্রাসকে নিযুক্ত করেছিলেন। ব্রিটেনের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ট্রাস।
ব্রিটেনের রাজনীতিতে গত কয়েক বছর ধরেই আলোচনায় আছেন ঋষি সুনাক। ভারতীয় বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাতা সুনাককে ঘিরে বিতর্কও হয়েছে বিস্তর।
কনজারভেটিভ এই নেতা পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে পাড়ি জমানো ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব প্রদেশে গুজরানওয়ালার (বর্তমানে পাকিস্তানের অংশ) এক পরিবারের সন্তান। অভিবাসী পরিবারের সেই ঋষি ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন। সুনাকের দাদা পাঞ্জাব থেকে আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। পরে সুনাকের বাবা-মা পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন।
আরও পড়ুন...
গভীর সংকটের কালে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে এই ঋষি সুনাক