পৌর মেয়রের বিরুদ্ধে জমি দখল মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলা হাট এলাকায় আদালতে বিচারাধীন একটি জমির ওপর জোরপূর্বক পাকা ঘর নির্মাণ ও মারধরের অভিযোগ উঠেছে পৌর মেয়র মোখলেসুর রহমানের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মনিরুল ইসলাম নামে পৌর এলাকার বালিগ্রাম নতুনপাড়ার বাসিন্দা।

লিখিত বক্তব্যে মনিরুল অভিযোগ করেন, পৌরসভার শংকরবাটি মৌজার শূন্য দশমিক ২০ একর জমি পৈতৃক সূত্রে আমার। জমিটি ভুলবশত আরএস রেকর্ডে সরকারের নামে হয়ে যায়। পরে লিগ্যাল ওয়ারিশ হিসেবে ২০১৮ সালে আদালতে রেকর্ড সংশোধনের মামলা করি। মামলাটি এখনো বিচারাধীন আছে। কিন্তু হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, প্যানেল মেয়র সালেহ উদ্দীন ওই নালিশি জমিটুকু দখল করে পাকা দালান তুললে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করি। এর পরিপ্রেক্ষিতে সদর উপজেলা ভূমি কর্মকর্তা নাইমা খান গত ১০ আগস্ট ও ১১ অক্টোবর দুই দফা ঘরটি উচ্ছেদের নোটিস দেয়। নোটিসের সাত দিনের মধ্যে নিজ খরচে ঘর অপসারণের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি।

মনিরুল বলেন, এই বিরোধের জেরে মেয়রের ভাই বাক্কারসহ ছয় থেকে সাতজন গত ২২ অক্টোবর দুপুরে নিজেদের পৌরসভার লোক পরিচয় দিয়ে আমাকে মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাটির প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। এটি আমলে নেওয়ার মতো কোনো ঘটনা নয়।’

অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র মোখলেসুর রহমান বলেন, ‘মনিরুলই পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করলে পৌরসভার দুজন কর্মচারী বাধা দেয়। তখন মুনিরুল ও তার লোকজন পৌর কর্মচারীদের মারধর করে।’