ভালো শুরুর আভাস দিয়েও পল স্টার্লিং বিদায় নিলেন দ্রুত। তবে অ্যান্ড্রু বালবার্নি ও লর্কান টাকার দলকে এনে দিলেন উড়ন্ত সূচনা। তাতে বড় লক্ষ্যের ইঙ্গিত ছিল আয়ারল্যান্ডের। তবে বালবার্নি-টাকারকে থামিয়ে ইংল্যান্ড শেষ পর্যন্ত লক্ষ্যটা রাখল নাগালেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বুধবার দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে জয়ের জন্য করতে হবে ১৫৮ রান।
মেলবোর্নে গ্রুপ-১ এর ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল আইরিশরা। প্রথম দিকে বৃষ্টি লুকোচুরি খেলায় মেতেছিল। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর খেলা শুরু হয়। পরে আরেক দফা বন্ধ হয় খেলা।
শেষ পর্যন্ত অবশ্য আয়ারল্যান্ড ইনিংসে কোনো ওভার কমেনি। তবে দলটি ৪ বল বাকি থাকতেই ১৫৭ রানে গুটিয়ে গেছে।
অধিনায়ক বালবার্নি ৪৭ বলে খেলেছেন সর্বোচ্চ ৬২ রানের ইনিংস। ৫ চার ও ২ ছক্কায় এই রান তার। টাকার ২৭ বলে ৩৪ রান করেন।
বালবার্নি ও টাকারের ব্যাটে ১০ ওভার শেষে ১ উইকেটে ৯২ রান ছিল আয়ারল্যান্ডের। পরে মার্ক উড, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনে ইংলিশদের।
১২তম ওভারে টাকার রান আউটে কাটা পরার পরই বদলাতে থাকে ম্যাচের রং। ১৬তম ওভারে বালবার্নিকে থামান লিভিংস্টোন। এরপর কার্টিস ক্যাম্পার (১৮) ও গ্যারেথ ডেলানি (অপরাজিত ১২) ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। অভিজ্ঞ ওপেনার স্টার্লিং করেন ৮ বলে ১৪ রান।
ইংলিশদের পক্ষে লিভিংস্টোন ও উড ৩টি করে উইকেট নেন। কারেন ২টি ও স্টোকস নেন ১ উইকেট।
সুপার টুয়েলভ পর্বে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। আফগানিস্তানকে হারিয়ে ইংল্যান্ড আসর শুরু করেছিল। অন্যদিকে প্রথম পর্ব পেরিয়ে আসা আয়ারল্যান্ড সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।