ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীসহ বিভিন্ন জেলায় ৬ সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দীঘিনালা প্রেস ক্লাব।
গতকাল বুধবার সকালে দীঘিনালা উপজেলা কমপ্লেক্সে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজুর সভাপতিত্বে বক্তব্য দেন আবু দাউদ, আক্তার হোসেন, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে ফজলে এলাহীসহ ৬ সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তার আইন বাতিলের দাবি জানান।