আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আমার বাংলাদেশ (এবি) পার্টির পর এবার নিবন্ধন পেতে আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি শাখা বলে মনে করা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে। গতকাল বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের দলটির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেয়।তারা দলীয় নির্বাচনী প্রতীক হিসেবে চেয়েছে আনারস।
সূত্র জানায়, নিবন্ধন চাওয়া বিডিপির সভাপতির দায়িত্বে থাকা আনোয়ারুল ইসলাম চাঁন জামায়াতের ডেমরা থানা শাখা আমিরের দায়িত্বে ছিলেন। অন্যদিকে দলটির সাধারণ সম্পাদক জামায়াত সমর্থিত ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা। তবে নিবন্ধনের জন্য আসা কেউই নিজেদের পরিচয় স্বীকার করেননি। পরে তারা নিজেদের সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে বিষয়টি এড়িয়ে যান।
দলটির সভাপতি আনোয়ার বলেন, ‘আমরা বিডিপির নিবন্ধনের জন্য নিবন্ধনের যতগুলো শর্ত আছে সবকিছু পূরণ করেই আবেদন জমা দিতে এসেছি। আমাদের সঙ্গে যারা আছেন, তারা নতুন প্রজন্মের।’
জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুল কথা অনেকেই বলতে পারেন। এটা একটা নতুন দল। আমার সঙ্গে যারা আছেন তারা নতুন প্রজন্মের। বিভিন্নভাবে তাদের সংগ্রহ করছি। এখানে কারও কোনো দলের লেজুড়বৃত্তি বা সহিযোগিতা ফিল করি না। এখন কেউ যদি কিছু বলে, আমরা এ জন্য দায়ী নই। আমরা সম্পূর্ণ নতুন একটা দল। জামায়াতের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।’
যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত কেউ দলে আছে কি না এমন প্রশ্নের জবাবে বিডিপির সভাপতি বলেন, ‘স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছে মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্ম। এখন যুদ্ধাপরাধী বানালে বানাতে পারেন। আমরা এসব বিষয়ে যাব কেন? আমরা একটা রাজনৈতিক দল।’
এর আগে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানিয়েছেন, শর্ত পূরণ করে ভিন্ন নামে জামায়াত ইসির নিবন্ধন পেতে পারে। তিনি বলেন, জামায়াতের কেউ যদি যুদ্ধাপরাধী না হয় এবং তাদের গঠনতন্ত্র যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে শর্তপূরণ করে ভিন্ন নামে তাদের নিবন্ধন পেতে কোনো বাধা নেই।
তবে বর্তমান জামায়াতে ইসলামীর নামে কোনো দলের নিবন্ধনের কোনো সুযোগ নেই জানিয়ে ইসি আলমগীর বলেন, জামায়াতের নিবন্ধন আদালতের আদেশে বাতিল হয়েছে। কেউ নিবন্ধন চাইলে তাকে নতুন করে নিবন্ধিত হতে হবে।