নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ সাজিয়েছিল আট জন ব্যাটারকে নিয়ে। সেক্ষেত্রে একজন কম বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলতে হয়। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইয়ের দিনে আগের ম্যাচের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। বদল হয়েছে একাদশে। বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই মিরাজ ছিলেন টাইগারদের মেকশিফট ওপেনার। এই ভূমিকায় নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও তাকে দেখা গেছে। তবে সেই সিরিজেই আবার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে ছিলেন না এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে দলে ফিরেছেন। তবে এই ম্যাচে তাকে বিশেষজ্ঞ বোলারের ভূমিকায় দেখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই তো ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আনা হয়েছে তাকে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও একটি পরিবর্তন এনেছে। পেসার লুঙ্গি এনগিডির জায়গায় দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তাবরেজ শামসি।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি