সূর্যের উত্তাপ

মেলবোর্নে যেমন মেজাজে ছিলেন, আজ সিডনিতেও একই রূপে দেখা গেল বিরাট কোহলিকে। পাকিস্তানের বিপক্ষে যেভাবে জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন, নেদারল্যান্ডসের বিপক্ষেও একইভাবে অপরাজিত থেকেই ইনিংস শেষ করেন ভারতের সাবেক অধিনায়ক। শুরুতে রোহিত শর্মা আর শেষবেলা সূর্যকুমার যাদবের ব্যাটিং তা-ব। আর পুরোটা সময় জুড়ে কোহলির টিকে থাকা। তিন টপ অর্ডারের ফিফটির ওপর ভর করে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৯ পুঁজি পায় ভারত। ১৮০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ডাচরা ৯ উইকেট হারিয়ে থামে ১২৩ রানে। ৫৬ রানের দাপুটে জয়ে সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপের কর্র্তৃত্ব ভারতের দখলে।

ইনিংসের শুরুটা করেছিলেন রোহিত শর্মা। তৃতীয় ওভারে সহ-অধিনায়ক লোকেশ রাহুল ফিরে গেলে কোহলি সঙ্গী হন অধিনায়কের। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ৭৩ রানের জুটি। একবার ক্যাচ দিয়ে পরিত্রাণ পাওয়া রোহিত ৩৯ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৩ রান করে ফেরেন। তবে অন্য প্রান্ত আগলে রাখেন কোহলি। নিজে অপরাজিত থাকেন ৪৪ বলে ৬২ রান করে। যা সাজানো ছিল তিন চার ও দুই ছক্কায়। শেষ বেলায় অবশ্য ঝড়টা তুলেছিলেন সূর্যকুমার যাদব। ২৫ বলে ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। ইনিংসটি গড়ার পথে ছিল সাতটি চার ও একটি ছক্কার মার। ইনিংস নিয়ে ম্যাচসেরা সূর্যকমার বলেছেন, ‘আমি নিজে শুধু প্রকাশ করতে চেয়েছি। ব্যাট করার সময় আমার বার্তাটা ছিল উচ্চকিত ও স্পষ্ট। ওভারে ৮-১০ রান নিতে চেয়েছি।’ তা নিয়ে প্রতি ইনিংসেই প্রকাশ করেন সূর্য। ৩৬ টি-টোয়েন্টির ক্যারিয়ারে ১১১১ রান করেছেন তিনি ১৭৭.৪৭ স্ট্রাইকরেটে। ১০২ বাউন্ডারির পাশাপাশি তার ছক্কা দাঁড়াল ৬৪।