নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। তার পদে পদোন্নতি দিয়ে বসানো হয়েছে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে।
যিনি এতদিন শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব সামলেছেন সেই জাকিয়া সুলতানাকে পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই গত ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। যদিও কী কারণে তাকে অবসরে পাঠানো হয়েছে তা স্পষ্ট করেনি সরকার। মকবুলের স্থলাভিষিক্ত হওয়া জাকিয়া ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মহিলাবিষয়ক অধিদপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব নিতে যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। এ বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হওয়া আমিনুল ইসলাম খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি একাদশ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমানকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে এ পদে সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে একই বিভাগে সিনিয়র সচিব করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব পদোন্নতি, পদায়ন ও রদবদলের সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।