কালিহাতীতে বাসচাপায় ঘোড়ার গাড়ির ২ আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগতির বাসচাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১২ নং সেতুর নিকট এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। হতাহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরতেছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়িতে ফিরতেছিলেন। পথিমধ্যে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় ১২ নং সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী নিহত হয়। এ ঘটনা আহত দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দ্রুত গতির ওই যাত্রীবাহী বাসটিকে শনাক্তের চেষ্ট চলছে।