মাঠে নেমেছে তারুণ্যদীপ্ত রূপায়ণ সিটি কুমিল্লা

নতুন যুগের সূচনা হলো দেশের হকিতে। প্রথমবারের মতো মাঠে গড়ালো ফ্র্যাঞ্চাইজি হকি লিগ।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে রূপায়ণ সিটি কুমিল্লা। তারুণ্যদীপ্ত দলটির প্রতিপক্ষ মোনার্ক মার্ট পদ্মা। খেলাটি শুরু হয়েছে রাত ৯টার পর।

মোনার্ক মার্ট পদ্মাকে বলা হচ্ছে আসরের সবচেয়ে অভিজ্ঞ দল। তাদের শক্তিটা দেশি তারকায়। বিদেশি ভালো মানের খেলোয়াড় থাকলেও ঘরের ছেলেদের দিকেই তাকিয়ে তারা।

রূপায়ণ সিটি কুমিল্লার চিন্তাটা ভিন্ন। এই দলের ভরসা তারুণ্যে। ২২ বছরের সোহানুর রহমান সবুজকে আইকন হিসেবে নিয়ে এই প্রমাণ রেখেছে দলটি।

এছাড়া পদ্মার দেশি অভিজ্ঞদের রুখতে বিদেশি অভিজ্ঞ রক্ষণ আছে দলের। তবুও মোনার্ক পদ্মার অভিজ্ঞতার জবাবে রূপায়ণ সিটি কুমিল্লার মূল শক্তি ওই তারুণ্যে।

রূপায়ণের অধিনায়ক সবুজ অভিজ্ঞতায় পিছিয়ে থাকাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। পদ্মাকে রুখতে তাদের পরিকল্পনা টেকনিক ও ফিটনেসে।

ম্যাচের আগের দিন সবুজ বলেছেন, ‘মাঠে নামলে তো কোন দল এগিয়ে বা পিছিয়ে তা বিষয় নয়। ওরা অভিজ্ঞতায় আমাদের চেয়ে এগিয়ে। তাই আমরা টেকনিক্যালি ও ফিটনেসের দিকটায় মনোযোগ দিচ্ছি। আমরা যদি গতি ও ওদের বিপক্ষে যে আলাদা পরিকল্পনা করা হয়েছে ওগুলোতে মনোযোগ দিই তো ভালো হবে। তখন আমরা ওদের অভিজ্ঞতাটা এড়িয়ে নিজেদের পক্ষে ম্যাচ বের করতে পারব।’