স্টেজেও কাজ করার সময় এসেছে

দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মেহবুবা মাহনুর চাঁদনী। সিনেমা, নাটক ও নৃত্য তিন মাধ্যমেই কাজ করছেন। দীর্ঘদিন পর নতুন ধারাবাহিক নাটকের শ্যুটিং শুরু করেছেন। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

অনুপস্থিতির কারণ...

দীর্ঘদিন অভিনয়ে আমাকে দেখা যাচ্ছে না, বা কম দেখা যাচ্ছে এ কথা আমি প্রায়ই শুনি। কিন্তু এর পেছনে আমার নিজস্ব কোনো কারণ নেই। আমি কখনোই একসঙ্গে অনেক কাজ করিনি। তাই অনেকেই ভাবেন আমি কাজে নিয়মিত নই। কিন্তু আমি আমার মতো করেই কাজ করি। হতে পারে সংখ্যায় তা কম। যদিও এখন প্রচারমাধ্যম সহজ হয়ে গেছে। এতে আমার একটা উপকারও হচ্ছে। সেটি হচ্ছে আমার করা পুরনো কাজগুলো আমি দেখতে পাই। সেখানে আমার কী ঘাটতি ছিল সেগুলো বুঝতে পারি এবং অনেক কিছু শিখতেও পারি। আমার কাজ কম হয় এ নিয়ে কোনো অভিযোগ বা দুঃখ নেই।

নতুন ধারাবাহিক...

বলতে পারেন দীর্ঘদিন পর নতুন ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত হলাম। ইতোমধ্যে তার প্রথম লটের শ্যুটিং শেষ করেছি। ‘ফ্যামিলি ডিসটেন্স’ নামের ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এখানে সিনিয়র অনেক অভিনয়শিল্পী আছেন যাদের সঙ্গে কাজ করে অনেক আনন্দ পাই। অনেক কিছু শিখিও। এ ছাড়া আরেকটি ধারাবাহিক নাটকে অভিনয় করার জন্য কথা চলছে।

নাচ...

অভিনয়ের পাশাপাশি সব সময় আমি নৃত্যচর্চা করে আসছি। কারণ নাচ আমার ভালো লাগার জায়গা। বলা যায়, অভিনয় এবং নাচ দুটিই আমার ভালো লাগা, ভালোবাসা।

মিউজিক ভিডিও...

সম্প্রতি দুটি মিউজিক ভিডিও করেছি। এর একটি আমার মায়ের লেখা গানের ভিডিও প্রকাশ করেছি ইউটিউব চ্যানেল চাঁদনী টিউবে। আর কিছুদিন আগে কাজী নজরুল ইসলামের একটি গানের ভিডিও তৈরি হয়েছে। ‘পরদেশী মেঘ’ নামে নজরুল সংগীতটি গেয়েছেন নির্ঝর চৌধুরী। আর এতে আমি আবৃত্তি করেছি। ভিডিওতে নাচতেও দেখা যাবে আমাকে। ভিন্ন একটি কাজ হয়েছে। না দেখলে বোঝা যাবে না। চলতি বছরের ডিসেম্বরে এটি ইউটিউবে প্রকাশ করা হবে। আশা করি সবার ভালো লাগবে। এর আগে পশ্চিমা রূপকথার গল্প ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ অবলম্বনে একটি নৃত্যনাটিকা করেছি।

আগামীর পরিকল্পনা...

অভিনয় ও নৃত্য দুই মাধ্যমেই কাজ করব নিয়মিত। তবে অবশ্যই আমার ভালোলাগার সঙ্গে সম্পৃক্ত এমন কাজের সঙ্গেই জড়াব। এখন স্টেজেও কাজ করার সময় এসেছে।