বিত্তশালীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ২

বিভিন্ন বিত্তশালী ব্যক্তির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। এরপর সময়-সুযোগ বুঝে প্রলুব্ধ করে কৌশলে সুবিধাজনক স্থানে নিয়ে অশ্লীল-আপত্তিকর ছবি, অডিও ও ভিডিও ধারণ করত। তারপর আপত্তিকর সেসব ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হতো। এমন অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা হলোÑ মো. খোকন আকন্দ ও বিলকিস। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, চেকবইয়ের পাতা ও স্ট্যাম্প জব্দ করা হয়।

গতকাল শুক্রবার অরগানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক বলেন, এ চক্রের খোকন বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বিত্তবানদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে। বিলকিস বিভিন্ন পরিচয়ে কল বা এসএমএস দিয়ে বন্ধুত্ব গড়ে তোলে। এরপর কৌশলে প্রলুব্ধ করে সুবিধাজনক স্থানে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। এসময় খোকন সাংবাদিক কিংবা পুলিশ পরিচয় দিয়ে তাদের ছবি তোলে। পরে পরিবারের কাছে পাঠানো বা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তিনি আরও বলেন, কখনো কখনো ভুক্তভোগী তাদের প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক এসব কাজ করত।