সিরাজগঞ্জ থেকে রংপুরগামী বাস চলাচল বন্ধ

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সিরাজগঞ্জ থেকে গত দুইদিন ধরে রংপুরগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় পরিবহন নেতারা। এতে সিরাজগঞ্জ থেকে বগুড়া, রংপুর, সৈয়দপুর, বাংলাবান্ধাগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, রংপুরগামী বাসগুলো সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে। বাস না চলায় যাত্রীরা বাড়ি ফিরে যাচ্ছেন। 

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল শেখ জানান, রংপুরে বিএনপির সমাবেশ আছে। সমাবেশে যোগদানকারী বিএনপির নেতাকর্মীরা গাড়িতে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সিরাজগঞ্জ থেকে রংপুরগামী বাস দুইদিন ধরে বন্ধ হয়েছে। 

সিরাজগঞ্জ জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আতিকুর রহমান আতিক জানান, রংপুরের বাস মালিকেরা দুইদিনের পরিবহন ধর্মঘট ডেকেছে। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে আমাদেরও রংপুরে বাস না পাঠাতে বলেছেন। এ কারণে দুইদিন ধরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।