করণের মাকে বলেছিলেন শাহরুখ

'ওর ওপর গুলি চললে সামনে আমি দাঁড়াব'

বলিউড কয়েক দশক ধরে বেশ কিছু বন্ধুত্ব গভীর হতে দেখেছে। বলিউডের সে রকমই এক বন্ধুত্ব ছবি নির্মাতা করণ জোহর এবং অভিনেতা 'কিং খান' শাহরুখের মধ্যে। অন স্ক্রিনে যেমন এই জুটি একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন, তেমনই পর্দার বাইরেও তাদের বন্ধুত্বের গল্প সাড়া ফেলেছে।

শাহরুখের সঙ্গে করণের বন্ধুত্ব নাকি এমনই অটুট ছিল যে, শাহরুখ একসময় করণের জন্য বুলেটের সামনে দাঁড়াতেও রাজি ছিলেন।

'কুছ কুছ হোতা হ্যায়' ছবির মুক্তির সময়কার ঘটনা। গ্যাংস্টার আবু সালেমের কাছ থেকে ফোন এসেছিল করণের কাছে। এই ফোন তুলেছিলেন করণের মা হিরু জোহর। ফোনে হুমকি দিয়ে তাকে বলা হয়, আপনার ছেলে বাড়ির নিচে একটি লাল রঙের টিশার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখতে পাচ্ছি। যদি শুক্রবার 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিটি মুক্তি পায়, তা হলে পরের বার আমরা গুলি চালিয়ে দেব।

হুমকি শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন হিরু। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাড়ির নিচ থেকে টেনে করণকে ঘরে আনেন। খবর দেওয়া হয় পুলিশকেও। সেই সন্ধ্যায় করণের বাবা যশ জোহর, শাহরুখ খান, পুলিশ, আদিত্য চোপড়া সবাই করণের বাড়িতেই ছিলেন। পুলিশের এক কর্মকর্তা পরামর্শ দিয়েছিল, 'আমরা আপনাকে রক্ষা করব। তবে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি ভয় পাবেন না। আপনাকে বৃহস্পতিবারই ছবির প্রিমিয়ার এবং শুক্রবার ছবির মুক্তি করাতে হবে।'

হুমকি সত্ত্বেও করণ সকলকে নিয়ে ছবির প্রিমিয়ারে পৌঁছান। ছেলের ওপর হামলা চালানো হতে পারে ভেবে ভীত ছিলেন মা। এসময় পাশে এসে দাঁড়ান শাহরুখ। হিরুকে আশ্বস্ত করে 'কিং খান' বলেছিলেন, 'কী বাজে কথা! আমি এখানে করণের সামনে দাঁড়িয়ে আছি। দেখি কে ওকে গুলি করে। আমি গুলির সামনে দাঁড়িয়ে থাকব। কিছুই হবে না। ও আমার ভাইয়ের মতো। ওর কিছু হতে দেব না।'

তাদের বন্ধুত্বের এই গল্প‌ ২০১৭ সালে একটি বইয়ে লিখেছিলেন স্বয়ং 'কে-জো'। সূত্র : পিঙ্কভিলা