সোহানকে আগের বলেই সতর্ক করেছিলেন সাকিব

উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ভুলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় ডুবতে বসেছিল বাংলাদেশ। রোমাঞ্চের দোলায় ভেসে চলা ম্যাচটায় শেষের নাকটীয়তার পর যদিও বাংলাদেশই জিতেছে। কিন্তু আলোচনা রয়ে গেছে সোহানের ভুল। যে ভুলের আভাস পেয়ে ঠিক আগ মুহূর্তেই তাকে সতর্কও করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

ব্রিজবেনে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারায় বাংলাদেশ। শেষ ওভারে ১৬ রানের সমীকরণ ছিল আগের ম্যাচে পাকিস্তানকে হারানো জিম্বাবুয়ের সামনে। বাংলাদেশ অধিনায়ক সাকিব বল তুলে দিয়েছিলেন মোসাদ্দেক হোসেনের হাতে। মহানাটকীয়তার মধ্যে শেষ হয়েছে ওই ওভার।

মোসাদ্দেক হোসেনের করা শেষ ওভারের শেষ দুই বলে সোহান স্টাম্পড করেন প্রতিপক্ষের দুই ব্যাটারকে। একই সঙ্গে জয়োৎসব করে মাঠ ছাড়ে টাইগাররা।

কিন্তু পরে দেখা যায় শেষ বলে ব্লেসিং মুজারাবানিকে আউট করার সময় সোহান বল ধরেছেন স্টাম্প পেরিয়ে যাওয়ার আগেই। যে কারণে টিভি আম্পায়ার নটআউটের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে নিয়ম অনুযায়ী নো বলের সিদ্ধান্ত আছে।

মুজারাবানি তাতে শুধু আউট হওয়া থেকেই বেঁচে যাননি, এক রান পায় জিম্বাবুয়ে। ম্যাচ সমাপ্তির জন্য আবারও মাঠে নামানো হয় দুই দলকে।

শেষ বলে তখন জিততে হলে ৪ রান নিতে হতো জিম্বাবুয়েকে। ফ্রি হিট বলে যা ছিল খুবই সম্ভব। তবে মোসাদ্দেকের ওই বলটা আর ব্যাটে-বলেই করতে পারেননি মুজারাবানি। তাই শেষ হাসি বাংলাদেশেরই।

কিন্তু সোহানের ওই ভুলে ম্যাচটা তো বেরিয়েও যেতে পারতো। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে সাকিব জানান, মোসাদ্দেকের ওভারের পঞ্চম বলে রিচার্ড এনগারাভার স্টাম্পিংয়ের সময়ই সতর্ক করেছিলেন সোহানকে।

‘যখন ওভারের পঞ্চম বল করা হলো এবং সোহান স্টাম্পিং করল, আমি তখন বলছিলাম তুমি স্টাম্পের খুব কাছে, পরেরবার সাবধান থেকো। পরে থার্ড আম্পায়ার চেক করলেন! আমি বিশ্বাস করতে পারছিলাম না (হাসি)।’- বলেন সাকিব।

যোগ করেন, ‘আমি বলব দারুণ এক ম্যাচ হয়েছে। যারা খেলা দেখতে এসেছেন তাদের জন্যও দারুণ ছিল।’

আরও পড়ুন

রোমাঞ্চ-নাটক শেষে ৩ রানে জিতল বাংলাদেশ