ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে কলেজছাত্রীর মুখ ক্ষুরের পোঁচ দিয়ে বিকৃত করে দেওয়ার ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। তারা হলোÑ গফরগাঁও ইউনিয়নের উথুরী (শিববাড়ী) গ্রামের মজিবরের ছেলে রাকিব (২২) ও শফিকুলের ছেলে শরিফুল (১৯)। তাদের গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তবে, এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি ঘটনার মূল হোতা উথুরী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে জাহিদকে (১৯)।
পুলিশ জানায়, গত শনিবার সকালে ওই ছাত্রী (১৭) বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে রওনা দিয়ে সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের কাওয়ামারা বন্দে এলে জাহিদ ও তার সহযোগী রাকিব, শরিফুল তাকে জোর করে অটোরিকশা থেকে নামিয়ে প্রেমের প্রস্তাব দেয়। কলেজছাত্রী এতে অস্বীকৃতি জানালে জাহিদ গং ক্ষুর দিয়ে বেশ কয়েকটি পোঁচ দিয়ে ওই শিক্ষার্থীর মুখ বিকৃত করে দেয়। ধারালো ক্ষুরের আঘাতে কলেজছাত্রীর দুই গাল, চোখের নিচে ও কপালে বেশ কয়েকটি গভীর ক্ষত হয়। পরে স্থানীয়রা কলেজছাত্রীকে প্রথমে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ওই রাতেই জাহিদ, তার সহযোগী রাকিব, শান্ত ও অটোরিকশা চালক শরিফুলকে আসামি করে কলেজ শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, জাহিদকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।