মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিজের পোষা বিড়াল হত্যার বিচার চেয়েছে আছিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী। গতকাল রবিবার দুপুরে কিশোরীর মা আকলিমা আক্তার শারমিন সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন দুপুর ১২টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার ফুরশাইল গ্রামে প্রতিবেশীর কাঠের টুকরোর আঘাতে বিড়ালটির মৃত্যু হয়।
সিরাজদীখান থানার ওসি একেএম মিজানুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিড়ালটিকে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে আছিয়া আক্তার জানায়, সে ছোট বয়স থেকেই বিড়ালটিকে পালন করে আসছিল। গতকাল দুপুর ১২টার দিকে প্রতিবেশী তাসলিমা বেগম ও তার মেয়ে সেলিনা মিলে বিড়ালকে কাঠের টুকরো দিয়ে আঘাত করে। তবে আহত বিড়ালটিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরতরা বিড়ালটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, বিড়ালটি মৃত অবস্থায় আমাদের এখানে আনা হয়। ময়নাতদন্তের জন্য বিড়ালটি প্রাণিসম্পদ কার্যালয়ে রয়েছে। সোমবার ময়নাতদন্ত করা হবে।
আছিয়া জানায়, সে সিরাজদীখান থানায় গিয়ে বিড়াল হত্যার বিচার দাবি করলে প্রথমে পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করে। পরে তার মা সিরাজদীখান থানায় এসে লিখিত অভিযোগ দেন।
এদিকে বিড়াল হত্যায় অভিযুক্ত তাসলিমা ও সেলিনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নিলে এবং তার সঠিক বিচার হলে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন লঙ্ঘনের অপরাধে অভিযুক্তদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।