দেশে গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে; যা দেশে এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর দ্বিতীয় সর্বোচ্চ। এ সময়ে মারা গেছে দুজন। এর আগে গত ২৩ অক্টোবর এ বছরের সর্বোচ্চ ১ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। সেদিন মারা যায় এক জন। এ নিয়ে এ বছর দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৩৭ হাজার ১৫১ জন ভর্তি হয়েছে এবং মারা গেছে ১৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬১৮ জন ঢাকায় ও ৪০২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ৬৩০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২ হাজার ৩৫০ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৮০ জন। এ বছর রাজধানীর বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ২৫ হাজার ৪৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের ৩০ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৫৯ জন। এ সময়ে মারা গেছে ৮১ জন। এর আগে গত সেপ্টেম্বরে ৯ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ও মারা যায় ৩৪ জন। গত আগস্টে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ হাজার ৫২১ জন ও মারা গিয়েছিল ১১ জন।