জনপ্রিয় মার্কিন র‍্যাপার টেকঅফকে গুলি করে হত্যা

মাত্র ২৮ বছর বয়সে মারা গেলেন মার্কিন র‍্যাপার 'টেকঅফ'। 'মিগোস' ব্যান্ডের সদস্য ছিলেন তিনি। আসল নাম কির্শনিক খারি বল। হিউস্টনের এক বোলিং অ্যালিতে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান তিনি। সেখানেই মৃত্যু হয় তার। সর্বসাম্প্রতিক সময়ে টেক অফকে মার্কিন মুলুকের অন্যতম জনপ্রিয় র‍্যাপার হিসেবে মেনে নেওয়া হতো। 

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে আত্মীয়, বন্ধুবান্ধব নিয়ে খেলছিলেন সঙ্গীততারকা। ব্যক্তিগত পার্টি চলছিল। সেখানেই ভিড়ের মধ্যে কেউ তাকে গুলি করেন। স্থানীয় সময় দুপুর আড়াইটায় ঘটনাটি ঘটেছে বিলিয়ার্ডস এবং বোলিং অ্যালির সামনের বারান্দায়।

পুলিশ জানায়, ৪০-৫০ জন অতিথি ছিলেন সেই পার্টিতে। তার মধেই কেউ গুলি ছোড়েন। মাথা এবং ঘাড়ের মাঝামাঝি গুলি লাগে টেকঅফের। নিরাপত্তারক্ষীরা আওয়াজ শোনেন, কিন্তু কে গুলি করেছেন দেখতে পাননি। পুলিশ এসে দেখে, নিথর পড়ে আছেন এক যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত যুবক যে টেকঅফ তা আশপাশের মানুষই জানান।

পরিবারের পক্ষ থেকে দেহ শনাক্ত করার সময় সেটি টেক অফের বলে নিশ্চিত করা হয়নি। তবে মঙ্গলবার সকালেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন টেকঅফ। সেখানে তাকে একই পোশাকে দেখা গেছে। সেই থেকেই নিশ্চিত হওয়া যাচ্ছে, সেটি টেকঅফেরই মরদেহ।

তার বন্ধু তথা ব্যান্ডের আর এক সদস্য কুয়াভোও নাকি আহত হয়েছেন। পুলিশ জানায়, আহত আরো দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র : মার্কা