নামাজে দুই কাতারের দূরত্ব
মিয়াদাদ হক আবদুল্লাহ, মক্কা মোকাররমা, সৌদি আরব
প্রশ্ন : মসজিদে হারামে অনুষ্ঠিত বিভিন্ন নামাজের সময় দেখা যায়, রাস্তায় কয়েক কিলোমিটার পর্যন্ত নামাজের কাতার দাঁড়িয়েছে। এসব কাতারের মাঝে অনেক কাতার এমন থাকে, যেখানে দুই কাতারের মাঝে বিশ-ত্রিশ ফুট বা তার চেয়ে বেশি ফাঁক থাকে। কখনো এমন হয়, পূর্ববর্তী কাতারের লোকদের দেখা যায় না। এসব কাতারে নামাজ পড়লে কি নামাজ সহিহ হবে?
উত্তর : এসব কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লে ইক্তেদা সহিহ হবে না। কেননা মসজিদের প্রাঙ্গণ পেরিয়ে রাস্তায় কয়েক কিলোমিটার পর্যন্ত নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে ইক্তেদার ক্ষেত্রে আবশ্যক হলোকাতারগুলোতে পারস্পরিক সংলগ্নতা থাকা। যদি সংলগ্নতা না থাকে ইক্তেদা সহিহ হবে না। এক কাতার থেকে অন্য কাতারের দূরত্ব যদি দুই কাতার পরিমাণ বা তার চেয়ে বেশি হয় কিংবা দুই কাতারের মাঝে এতটুকু পরিমাণ দূরত্ব থাকে, সেখান দিয়ে গাড়ি চলাচল করতে পারবে তাহলে দুই কাতারের মধ্যে সংলগ্নতা থাকবে না। সুতরাং দুই কাতারের মধ্যে বিশ-ত্রিশ ফুট বা তার চেয়ে বেশি দূরত্ব থাকলে সেসব কাতারে ইক্তেদা করা সহিহ হবে না। এতে নামাজ আদায় হবে না।
যেহেতু এসব কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লে ইক্তেদাই সহিহ হবে নাতাই বড় জামাতে শরিক হওয়ার অভিপ্রায়ে এসব কাতারে না দাঁড়িয়ে পার্শ্ববর্তী মসজিদের জামাতে শরিক হতে হবে। কিংবা নিজেরা কয়েকজন মিলে জামাত করতে হবে। আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু : ২/১২৪৮-১২৪৯
নামাজে অশুদ্ধ কেরাত
সাইদুল ইসলাম সাইদ, নান্দাইল, ময়মনসিংহ
প্রশ্ন : এক ব্যক্তির কেরাত অশুদ্ধ। এমন অশুদ্ধ যে, নামাজ ফাসেদ হয়ে যায়। সে কেরাত শুদ্ধ করার চেষ্টাও করে না। এমতাবস্থায় তার নামাজের হুকুম কী?
উত্তর : কারও কেরাত যদি এমন অশুদ্ধ হয়, তার নামাজ ফাসেদ হয়ে যায়তাহলে এমতাবস্থায় ওই ব্যক্তির জন্য আবশ্যক হলো, কেরাত শুদ্ধ করার সর্বাত্মক চেষ্টা করা। কেরাত অশুদ্ধ হলেও যদি শুদ্ধ করার জন্য নিয়মিতভাবে চেষ্টা করতে থাকে তাহলে নামাজ সহিহ হবে। আর যদি চেষ্টা করা ছেড়ে দেয় তাহলে নামাজ সহিহ হবে না। সুতরাং উল্লিখিত ব্যক্তির নামাজও সহিহ হবে না। ফতোয়া শামী : ২/৩৯৬
উত্তর প্রদানে মুহাম্মদ আতিকুর রহমান, ফতোয়া বিভাগ, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম, মাসকান্দা, ময়মনসিংহ