রাজস্ব বাড়াতে করদাতাদের বিশেষ সেবায় এনবিআর

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) দেশের রাজস্ব আদায়ের পরিমাণ অনেক কম। বিশে^ যেসব দেশের জিডিপির তুলনায় রাজস্ব আহরণ কম, সেই তালিকায় নিচের দিকে রয়েছে বাংলাদেশ। রাজস্ব বাড়াতে উন্নয়ন সহযোগী থেকে শুরু করে দেশের অর্থনীতিবিদরাও বহুদিন ধরে তাগিদ দিয়ে আসছেন। প্রতি বছর রাজস্বও বাড়ছে। তবে জিডিপির তুলনায় অনেক কম। রাজস্ব বাড়াতে সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে করদাতাদের বিশেষ সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নভেম্বর মাস আয়কর রিটার্ন দাখিলের শেষ মাস, সে কারণে করদাতাদের নিরবচ্ছিন্নভাবে বিশেষ সেবা দিতে করসেবা মাস ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে এনবিআর করদাতাদের আয়কর বিবরণী বা রিটার্ন জমায় গতকাল মঙ্গলবার থেকে সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার এনবিআরের সম্মেলন কক্ষে করসেবা মাস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ সময় এনবিআর আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করসেবা মাস উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে করসেবা দেওয়া শুরু করেছে এনবিআর। নভেম্বর মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত দেশের প্রতিটি সার্কেলে করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হয়েছে, যেখানে অফিস চলাকালীন সময় পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে সেবা পাওয়া যাবে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হচ্ছে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হচ্ছে। এ ছাড়া ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ রয়েছে।