টস জিতে অধিনায়ক সাকিব আল হাসান নিলেন বোলিংয়ের সাহসী সিদ্ধান্ত। পাওয়ার প্লেতে দারুণ বোলিং করে অধিনায়কের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন পেসাররা। রোহিত শর্মার উইকেট হারিয়ে যেখানে মাত্র ৩৭ রান তুলতে পারল ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-২ এর ম্যাচে বুধবার মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। অ্যাডিলেডে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।
এদিন তাসকিন আহমেদের করা প্রথম ওভারে ভারত মাত্র ১ রান নিতে পারে। সৌম্য সরকারের জায়গায় একাদশে আসা শরিফুল পরের ওভারে দেন ৯ রান।
ইনিংসের তৃতীয় ওভারেও তাসকিন দারুণ বোলিং করেন। এবারও দেন মাত্র ১ রান। পেতে পারতেন উইকেটও। কিন্তু বাউন্ডারি লাইনে রোহিতের ক্যাচ ছাড়েন হাসান মাহমুদ।
তবে পরের ওভারে (চতুর্থ ওভার) আক্রমণে এসে রোহিতকে তুলে নেন হাসান। ৮বলে ২ রান করা রোহিত ইয়াসির আলি রাব্বিকে ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর বিরাট কোহলি উইকেটে এসেছেন। জুটি বেঁধেছেন লোকেশ রাহুলের সঙ্গে।
এ ম্যাচে বাংলাদেশ ও ভারত যখন খেলতে নামছে, তখন দুই দলের সামনেই খোলা সেমিফাইনালে খেলার পথ। তিনটি করে ম্যাচ শেষে দুই দলেই দুটি করে জয়।
বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। মাঝে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধাক্কা খায় ভারত।
এখন বাংলাদেশের বিপক্ষেও হেরে গেলে আরও বড় ধাক্কা খেতে হবে ভারতকে। কারণ এতে সেমিফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে যাবে তাদের। নিজেরা নির্ভার থেকে প্রতিপক্ষের ওপর থাকা এই চাপের সুযোগটা নিশ্চয়ই নিতে চাইবে বাংলাদেশ।
ম্যাচের আগে অবশ্য ভারতকে ফেভারিট বলে দিয়েছেন সাকিব। নিজেরা এই ম্যাচ জিতলে সেটা অঘটন হবে বলেও মন্তব্য করেছেন।