কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের গৌরব ও ঐতিহ্যের ৬০ বছর অর্থাৎ হীরক জয়ন্তী উদ্যাপন করা হয়েছে। ঢাক-ঢোল পিটিয়ে বর্ণিল আনন্দ শোভাযাত্রা, বর্তমান ও পুরোনো কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলায় অনন্য উৎসব উদ্যাপিত হয়।
বুধবার (২ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীর লাকসাম রোডে শিক্ষাবোর্ড প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উৎসব-কর্মসূচির উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামেল নাছের। পরবর্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শিক্ষাবোর্ড পরিবারের সদস্য, অতিথি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, শিল্পকলা একাডেমি মোড় হয়ে সিটি পার্কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শ্রদ্ধাঞ্জলি জানায়। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক ও বাদুরতলা এলাকা প্রদক্ষিণ করে শিক্ষাবোর্ডে এসে শোভাযাত্রা শেষ করা হয়।
উৎসবে উপস্থিত ছিলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নাজমা আশরাফী, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আজহারুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ ছানাউল্যাহ, উপবিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মো. শফিকুল ইসলাম, উপসচিব (প্রশাসন) এ. কে. এম. সাহাবউদ্দিন, উপসচিব (একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া ও বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।