লিটনের ইনিংসে বাকিদের আত্মবিশ্বাস বেড়েছে : সাকিব

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে ওপেনিংয়ে এসেছিলেন লিটন দাস। এরপর থেকে তাঁকে খেলতে হয়েছে তিন নম্বরে। আজ ভারতের বিপক্ষে আবার নেমেছিলেন ওপেনিংয়ে। আর সেখানেই খেললেন অবিশ্বাস্য এক ইনিংস। ২১ বলে ফিফটির যখন ছুয়েছিলেন, দলের রানও তখন ৫০ স্পর্শ করেছে।

শুরু থেকেই দুর্দান্ত সব শটে চোখ ধাঁধান লিটন। মিডউইকেট দিয়ে ছয়। এরপর মিডঅফ ক্লিয়ার করে চার। ভুবনেশ্বরের গতি কাজে লাগিয়ে আলতো করে এবার থার্ডম্যান দিয়ে আরেকটি চার। উড়তে থাকা লিটন এরপর দিয়েছিলেন আরেকটি সুযোগ, তবে ডানদিকে ডাইভ দিয়ে হাত লাগালেও ক্যাচ নিতে পারেননি কার্তিক। লিটন বেঁচে গেলেন আরেকবার, তবে বাংলাদেশকে এনে দিয়েছেন ভালো শুরু। ৩ ওভার শেষে স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান।  

ইনিংসের ষষ্ঠ ওভারেই লিটন অর্ধশতক পূর্ণ করেন। দলীয় রানও তখন তার থেকে মাত্র তিন রান বেশি। তবে লিটনের ফিফটির পরেই নামে বৃষ্টি। সেই বৃষ্টির পর বেশিক্ষণ টিকেননি।  ২৭ বলে ৬০ রান করে ফিরে গেছেন। কিন্ত তার এই ইনিংস মন ছুয়ে গেছে অধিনায়কের।

ম্যাচ শেষে প্রেসেন্টেশনে লিটন দাসকে দলের সেরা ব্যাটার উল্লেখ করে সাকিব আল হাসান বলেন, ‘সে আমাদের সেরা ব্যাটার। পাওয়ারপ্লেতে লিটন যেভাবে ব্যাট করেছে তা আমাদের রানের চাকার গতি অনেক বাড়িয়ে দিয়েছিল। তার ইনিংসটি দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। বড় রান তাড়া করতে গিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে যে আমরাও লড়াই করতে পারি সেটা সে করে দেখিয়েছে।’