বাগেরহাটের আঞ্চলিক কার্যালয়ে পাসপোর্ট করতে আসা পাসপোর্ট প্রত্যাশীদের নানা ধরনের হয়রানির অভিযোগ ওঠায় গতকাল বুধবার পাসপোর্ট কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। অসংখ্য পাসপোর্টপ্রার্থী পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দালালদের বিরুদ্ধে আর্থিক লেনদেনসহ নানা হয়রানির অভিযোগ তুলে ধরেন।
এ সময় পাসপোর্ট অফিসে দালালি করার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা ম-ল দুই দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেন। বিকেলে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
দ-প্রাপ্তরা হলেন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার সরদার আহমেদ আলীর ছেলে সরদার নাসির উদ্দিন এবং দশানী এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার। তাদের পাসপোর্ট অফিসের পাশে কম্পিউটার ও ফটোস্ট্যাটের দোকান রয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাসপোর্টপ্রার্থীদের নানা অভিযোগ শোনেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ খোন্দকার রিজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম ও বাগেরহাট পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম সানি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল বলেন, পাসপোর্টপ্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।