২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে জার্মানির বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। যে হারের যন্ত্রণা এক বছর ধরে বয়ে বেড়িয়েছেন লিওনেল মেসি। রাতগুলো কেটেছে নির্ঘুম।
আট বছর আগে বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসির যন্ত্রণাময় সময়ের কথা তুলে ধরেছেন ফাবিয়ান সোলদিনি। যিনি মেসির সাবেক এজেন্ট ও খুব ঘনিষ্ট।
যদিও ২০০৫ সাল থেকে সোলদিনি আর মেসির এজেন্ট নন। কিন্তু দুজনের আন্তরিক সম্পর্ক অটুট আছে আগের মতো।
আর্জেন্টিনার অনলাইন পত্রিকা ইনফোবায়ের সঙ্গে আলাপচারিতায় সোলদিনি বলেন, ‘১০ বছর মেসির সঙ্গে দেখা না হওয়ার পর যখন তার বাড়িতে গেলাম, সে বলল “ফাবি, বছর ধরে ব্রাজিলের সেই ফাইনালে হারের কষ্টে রাতে ঘুম ভেঙে যায় আমার। আমি ঘুমাতে পারি না।” আমি বলতে পারি, এ বিষয়টা ওর মাথায় সবসময় ঘুরপাক খেত।’
দেশের প্রতি ভালোবাসার জন্যই এই হার মেসিকে অনেক বেশি পুড়িয়েছে বলে মন্তব্য সোলদিনির, ‘এটা তার ভালোবাসা। জাতীয় দল তার ভালোবাসা। এটা বার্সেলোনা কিংবা নিউওয়েলস না, এটা আর্জেন্টিনার জন্য তার প্রেম। জাতীয় দলের তার দারুণ ভালোবাসা।’