সিরাজগঞ্জে আ.লীগ বিএনপির সংঘর্ষে আহত ৬, মামলা

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ের মিয়াবাড়ি এলাকায় গত বুধবার সন্ধ্যার পর পূর্ববিরোধ ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দলের ৬ জন আহত হয়।

আহতরা হলেন, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সরকার, সদস্য এম এ শহীদ, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যান তালুকদার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোবাদ মন্ডল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

পরে খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সরকারসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।