অতীত না ভেবে পাকিস্তান ম্যাচ নিয়ে চিন্তায় তাসকিন

জয়ের খুব কাছে গিয়েও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। অ্যাডিলেডে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারত জিতেছে ৫ রানে। ভেজা মাঠে তড়িঘড়ি করে ম্যাচ শুরু করা থেকে ফেইক ফিল্ডিংয়ের অভিযোগ। তাতে খেলা শেষ হওয়ার দুদিন পরও বিতর্কের রেশ কাটছে না। আইসিসির কোড অব কন্ডাক্টের কারণে ক্রিকেটারদের মুখেও কুলুপ আটা। তাই ভাগ্যের হাতে ছেড়ে দেওয়ার মতো করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছেই সব ছেড়ে দিচ্ছেন তারা।

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে রবিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে অ্যাডিলেডের কারেন রল্টন ওভালে অনুশীলনের সময় গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। সেখানে তিনি বলেন, ‘আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আম্পায়ারদের সিদ্ধান্ত, কিছু জিনিস দেখলাম যে সমালোচনা হচ্ছে। ফেইক থ্রো বা অন্যান্য জিনিস ওগুলো আসলে সম্পূর্ণ আমাদের কন্ট্রোলের বাইরে।’

তিনি যোগ করেন, ‘সেগুলো নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই। তার থেকে বড় জিনিস ওই ম্যাচটা এখন অতীত। তো সামনের যে ম্যাচটা আছে ওটা নিয়েই চিন্তা করতে চাই। অবশ্যই আইসিসির ইভেন্ট সবকিছুই আসলে তাদের নিয়ন্ত্রণে। তারা যে সিদ্ধান্ত দিয়েছে ওইসময়ে, সেটা তাদের ব্যাপার।’

সেমিফাইনালে যাওয়ার আশা এখনও কিছুটা বাকি আছে বাংলাদেশের। সেই লক্ষ্যে যেভাবেই হোক শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে। আর সেটিই এখন তাসকিনের আসল ভাবনা, ‘দেখুন, যদিও কিছু হলে হয়তো আমাদের জন্যই ভালো হয়তো। যেহেতু এটা এখন আর ফেরত আনতে পারবো না, তাই এটা নিয়ে আর ভাবছি না। লক্ষ্য থাকবে সামনের ম্যাচে সেরাটা দিয়ে ভালো করার।’