নেপালের সন্দীপ লামিচানে জেলে

নেপালের একটি আদালত জেলে পাঠিয়েছে ক্রিকেটার সন্দীপ লামিচানেকে। বিগ ব্যাশ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বড় আসরে খেলা নেপালের এই ক্রিকেট তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিল ১৭ বছর বয়সী এক কিশোরী। আদালত শুক্রবার লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং বিচারকাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত লামিচানেকে কারাগারেই থাকতে হবে। লামিচানেকে কাঠমান্ডুর কেন্দ্রীয় কারাগারে রাখা হবে।

সেপ্টেম্বরের ৬ তারিখে ১৭ বছর বয়সী এক কিশোরী নেপালের একটি থানায় লামিচানের বিরুদ্ধে হোটেল রুমে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। অক্টোবরের ৬ তারিখে লামিচানে আত্মসমর্পণ করেন, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। অক্টোবরের ৩১ তারিখে ধর্ষণের অভিযোগের সব প্রমাণ আমলে নেয় আদালত এবং লামিচানের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের হয়। মামলায় দোষী প্রমাণিত হলে লামিচানের ১২ বছরের জেল হতে পারে।