গোলরক্ষকের ধাক্কায় স্প্যানিশ ফুটবলারের মাঠেই মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

স্প্যানিশ ফুটবলে নেমে এসেছে বিষাদের কালো ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সাথে ভয়াবহ সংঘর্ষে বুকে আঘাত পেয়ে অকালেই প্রাণ হারিয়েছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল (৩০)।

সোমবার (২ নভেম্বর) রাতে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যান্ডোরার মুখোমুখি হয়েছিল তেনেরিফে। ম্যাচটির অতিরিক্ত (ইনজুরি) সময়ের ৭ম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করার উদ্দেশ্যে বলের দিকে ছুটে যান দে মিগেল। একই সময়ে বল ক্লিয়ার করতে গিয়ে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওউয়োনো শূন্যে লাফিয়ে ওঠেন। এ সময় ওউয়োনোর উড়ন্ত হাঁটু দে মিগেলের বুকে সজোরে আঘাত করে।

সংঘর্ষের পর মাঠে লুটিয়ে পড়েন দে মিগেল এবং মুহূর্তের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর দেখে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে মাঠে চিকিৎসকদের ডাকা হয়। পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে মাঠে চিকিৎসা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। মারাত্মক এই ফাউলের জন্য গোলরক্ষক ওউয়োনোকে লাল কার্ড দেখানো হয় এবং শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ সমতায় থাকা অবস্থাতেই পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।

গোলরক্ষকের হাটু গিয়ে লাগে দে মিগেলের বুকে

হাসপাতালে নেওয়ার পথেই অ্যাম্বুলেন্সে দে মিগেল হৃদরোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হন। তাৎক্ষণিকভাবে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক শোকবার্তায় সিডি তেনেরিফে ক্লাব কর্তৃপক্ষ জানায়, "আমরা গভীর শোক ও বুকফাটা বেদনা নিয়ে হেসুস দে মিগেল আলামেদার করুণ মৃত্যুর খবর জানাচ্ছি। এই শোক প্রকাশের কোনো ভাষা আমাদের জানা নেই। আমরা তার পরিবার, ভালোবাসার মানুষ এবং ক্লাব সমর্থকদের এই কঠিন সময়ে পাশে আছি।"

এ ঘটনায় ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিপক্ষ ক্লাব অ্যান্ডোরা, সাবেক ক্লাব কাস্টেলন এবং স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশন (এএফই) সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছে। সাংবাদিকসূত্রে জানা গেছে, মারাত্মক সংঘর্ষের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বিষুবীয় গিনির জাতীয় দলের গোলরক্ষক ওউয়োনো।

২০২৫ সালে তেনেরিফেতে যোগ দেওয়া দে মিগেল ৩০ ম্যাচে ১১টি গোল করে দলকে স্প্যানিশ তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উন্নীত করতে বড় ভূমিকা রেখেছিলেন

সর্বশেষ সর্বাধিক পঠিত