মাগুরার মহম্মদপুরে শেখ হাসিনা সেতুসংলগ্ন মধুমতী নদীতে গতকাল শুক্রবার দুপুরে বার্ষিক বিহারী লাল শিকদার নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ড. শ্রী বীরেন শিকদারের পৃষ্ঠপোষকতা এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
এ বাইচ দেখতে মধুমতীর দুই তীরে নামে লাখো মানুষের ঢল। নৌকাবাইচ উপলক্ষে প্রায় সপ্তাহখানেক আগে থেকেই গ্রামীণ মেলা বসতে শুরু করে। নির্দিষ্ট দিনের পরও তিন থেকে চার দিন পর্যন্ত চলে এ মেলা।
বেলা ২টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এরপর শুরু হয় নৌকাবাইচ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার। অতিথি হিসেবে আরও ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কু-ু, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।
নৌকাবাইচে অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আসা ২৩টি নৌকা। টালাই এবং কালাই নামে দুই গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।