টুইটারের সব অফিস বন্ধ, চলছে কর্মী ছাঁটাই

খুদে ব্লগ লেখার সাইট টুইটারের মালিকানা গ্রহণের এক সপ্তাহের মধ্যেই কর্মী ছাঁটাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার থেকে কর্মী ছাঁটাই শুরু করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে নিজেদের সব কার্যালয় অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।

শুধু তা-ই নয়, কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেম অ্যাকসেস সুবিধাও বাতিল করেছে টুইটার। ফলে কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না। খবর বিবিসি ও রয়টার্স।

এর আগে গত বৃহস্পতিবার কর্মীদের কাছে এক মেইল বার্তা পাঠিয়েছিল টুইটার কর্র্তৃপক্ষ। সেখানে বলা হয়, টুইটারকে একটি সুস্থ-স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার জন্য গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১২টায় বিশ্বব্যাপী কর্মী কমানোর প্রক্রিয়া শুরু হবে। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। আর যাদের ছাঁটাই করা হবে না, তাদের অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে।

ছাঁটাই তালিকায় থাকা কর্মীর সংখ্যা জানা না গেলেও তা কয়েক হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এর আগে পরিচালনা ব্যয় কমাতে টুইটারের আট হাজার কর্মীর সংখ্যা ছাঁটাই করে অর্ধেকে নামানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন টুইটারের মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

এক সপ্তাহ আগে টুইটারের মালিকানা গ্রহণ করেই সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন মাস্ক। টুইটারের দায়িত্ব নিয়ে প্রথমেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানান তিনি।

এদিকে গণহারে কর্মী ছাঁটাই করায় টুইটারের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা করেছেন এর কর্মীরা। তাদের অভিযোগ, ঠিকমতো নোটিস না দিয়েই তাদের এভাবে ছাঁটাই করা আইনের লঙ্ঘন।

গত ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেওয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন তিনি। ভেঙে দেন পরিচালনা পর্ষদ। জারি করেন ১২ ঘণ্টা অফিস ও ছুটিহীন অফিস নীতি। টুইটারের বিজ্ঞাপন, বিপণন ও মানবসম্পদ বিভাগের অনেকেই চাকরি হারিয়েছেন মাস্ক দায়িত্ব নেওয়ার পর। মাস্ক তার কর্মীদের অবকাঠামোগত খরচে বছরে ১০০ কোটি ডলার সাশ্রয়ের বিষয়ে নির্দেশ দিয়েছেন।