রাজধানী ঢাকাসহ সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী মিরপুর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় লেগুনা যাত্রী শিশু, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল আরোহী, ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল আরোহী ও ট্রাকচাপায় বৃদ্ধা, সিলেটে জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী তরুণ, লক্ষ্মীপুরে অটোরিকশার চাপায় ছয় বছরের শিশু, সাতক্ষীরায় বৃদ্ধ এবং চুয়াডাঙ্গায় গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
ট্রাকের ধাক্কায় লেগুনায় থাকা শিশুর মৃত্যু : রাজধানীর মিরপুর জাহানারাবাদ বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় লেগুনায় থাকা এক শিশু নিহত হয়েছে। তার নাম রায়হান (১২)। গতকাল সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
শিশুর বাবা হায়দার জানান, সকাল ৭টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় রায়হান। প্রায় সময় লেগুনায় করে এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডে যেত। সকাল ১০টার দিকে তারা খবর পান, দুর্ঘটনায় আহত হয়েছে রায়হান। এরপর কয়েকটি হাসপাতাল ঘুরে শেষে ঢাকা মেডিকেলে তার মরদেহ দেখতে পান।
রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া লেগুনাচালক মো. শামীম ও সহযোগী মো. সাব্বির জানান, তারা গাবতলী পর্বত এলাকা থেকে লেগুনায় যাত্রী নিয়ে মিরপুর ১ নম্বরে যাচ্ছিলেন। ওই শিশুসহ আরও একটি শিশু বড় বাজার থেকে লেগুলার পেছনে উঠে দাঁড়ায়। তারা দিয়াবাড়ি নামবে বলে জানায়। জাহানারাবাদ বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। পরে লেগুনায় ধাক্কা দিলে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে এবং পরে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরেক শিশু মো. সুজন জানায়, নিহত শিশুকে সে ভালোভাবে চেনে না। তবে সে আরেকটি লেগুনার হেলপারি করত বলে জানে সে।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, লেগুনার চালক শামীমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনা শাহআলী থানা পুলিশকে জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : জেলার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের কাইয়ুমপুর গ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবুল হোসেন বাবু (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। কসবা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। অটোরিকশাটিকে আটক করা হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) : আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন সালনা শাখার অফিসের ক্রেডিট অফিসার শাহাদাত হোসেন রিশাদের বাড়ি মুক্তাগাছা উপজেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থল থেকে অন্য এক সহকর্মী মো. রফিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। ওই সময় উপজেলার হাজিরবাজার এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনায় তারা দুজন আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাহাদাত হোসেন।
এদিকে গতকাল শুক্রবার সকালে উপজেলার কাঁঠালী এলাকায় বিকন নামক একটি কারখানার বিপরীত পাশে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন খোদেজা বেগম (৫৫) নামে এক নারী। তিনি ভালুকা উপজেলার গাদুমিয়া পূর্বপাড়ার আবদুল হকের স্ত্রী।
সিলেট : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ছালিরপুলে বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত ও তার সঙ্গী দুই তরুণ গুরুতর আহত হয়েছে। নিহত মামুনুর রশিদ মামুন (১৭) জৈন্তাপুর উপজেলার হেমু মাঝপাড়া গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। আহত দুজন হলো একই গ্রামের জবেদ আলীর ছেলে কাওছার আহমদ (১৮) ও ছোয়াব আলীর ছেলে আনিছুর রহমান (১৯)। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়।
জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) ওমর ফারুক জানান, ট্রাকের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী তিন তরুণ ছিটকে পড়ে একজন ঘটনাস্থলে মারা যায়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর : ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার খোয়াসাগর দীঘির পশ্চিম পাশে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে তার মায়ের সামনেই এ দুর্ঘটনা ঘটে। শিশু ফাতেমাকে নিয়ে তার মা ও খালা লক্ষ্মীপুর সদর উপজেলার খোয়াসাগর দীঘিরপাড়ে ঘুরতে আসেন। ঘোরাফেরা করে বাড়ি ফেরার সময় রাস্তা পারাপারের মুহূর্তে দ্রুতগতির একটি অটোরিকশা ধাক্কা দিলে শিশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা : সদর উপজেলার মাধবকাটি বাজারসংলগ্ন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় বৃদ্ধ রংমিস্ত্রি নিহত হয়েছেন। সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটির মৃত মুনসুর সরদারের ছেলে হেরমত আলী সরদার (৬০) গতকাল সকালে মাধবকাটি বাজারসংলগ্ন (সাতক্ষীরা-যশোর) প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় নিহত হন।
চুয়াডাঙ্গা : গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মারা গেছে ট্রাকে থাকা সাতটি গরু। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের আশরাফুল হক (৫০) ও মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার মনির হোসেন (৪৫)।
নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাক মেহেরপুরে যাচ্ছিল। এ সময় আলুকদিয়ার বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। মারা যায় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু।